
আছকির উদ্দিন, নাছিরনগর,
নাছিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা একটি প্রসিদ্ধ ও জনবহুল গ্রাম। প্রায় সাড়ে নয় হাজার লোকের বসবাস এই গ্রামটিতে। পূর্বদিকে ইউনিয়নের অন্যান্য গ্রাম হরিনবেড় ও শংকরাদহ পশ্চিমে পূর্বভাগ ইউনিয়ন, দক্ষিনে তিতাস নদী ও উত্তরে হাওর ও বিশাল ফসলী জমীর মাঠ। এই গ্রামে দুইটি সরকারি প্রাথমিক
বিদ্যালয়, একটি কিন্ডার গার্টেন, ছয়টি জামে মসজিদ, দুইটি কওমী মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিক ও একটি চক বাজার বিদ্যমান। সরকারী- বেসরকারি চাকুরীজীবি, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ প্রচুর সংখ্যক প্রবাসীদের বসবাস উক্ত গ্রামে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় নরহা একটি জনবহুল গ্রাম হওয়া সত্বেও মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কোন নেটওয়ার্ক টাওয়ার না থাকার দরুন মোবাইল ব্যবহারকারীগন নানাবিধ সমস্যায় প্রতিটি দিন অতিবাহিত করেন। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে উক্ত গ্রামে মোবাইল অপারেটর কোম্পানি গুলো নেটওয়ার্ক টাওয়ার স্হাপন করে সেবা প্রদান করবেন বলে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন। এ প্রসঙ্গে উক্ত গ্রামের সাবেক ডিজিএফআইয়ের কর্মকর্তা জনাব এনামুল হক রানা বলেন, আমরা নরহা গ্রামবাসী দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার আমাদের এতবড় একটি গ্রাম হওয়া সত্বেও এখানে কোন টাওয়ার না থাকার ফলে আমরা কথা বলতে দিন-রাত সমস্যায় পরতে হয়,আমাদের গ্রামের আশে -পাশের গ্রামগুলোতে মোবাইল টাওয়ার রয়েছে অথচ এখানে নেই। আমরা এখানে যে কোন অপারেটরের টাওয়ার স্থাপনের দাবী জানাচ্ছি। আইনজীবী মোজাম্মেল হক চৌধুরী( কিশোর) বলেন,আসলে নেটওয়ার্ক সমস্যা আমাদের গ্রামে দীর্ঘদিন যাবৎ ভুগতে,কারেন্ট যতক্ষণ থাকে ওয়াইফাই দিয়ে চালানো যায় আর যখনই কারেন্ট চলে যায় তখনই আর কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয় না। আমি দ্রুত মোবাইল কোম্পানিগুলোর সুদৃষ্টি কামনা করছি এখানে নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করে আমাদের গ্রাম বাসীদের সেবা দেওয়ার দাবী জানাচ্ছি।