
আজাদ হোসেন নিপুঃ জামালপুর
জুলাই-সেপ্টেম্বর ২০২৫ মেয়াদে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ প্রাপ্তি অর্জনের স্বীকৃতি হিসেবে রশিদপুর ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছাঃ রানী আক্তার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রৈমাসিক সম্মাননা স্মারক লাভ করেছেন।
উপজেলা প্রশাসন, জামালপুর সদর আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি জন্ম ও মৃত্যু নিবন্ধনের শতভাগ সাফল্য অর্জনকে স্থানীয় সরকার উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
বক্তারা বলেন, সময়োপযোগী নিবন্ধন শুধু প্রশাসনিক সাফল্য নয়, এটি সামাজিক দায়িত্বও বটে। এই উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা গ্রহণ, নাগরিক পরিচয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সহজ ও নির্ভুলভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
মোছাঃ রানী আক্তার বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব। উল্লেখ্য,১৫ নং রশিদপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ধারাবাহিক সাফল্য অর্জনের ফলে ইউনিয়নটি বর্তমানে জেলার একটি দৃষ্টান্তমূলক মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে।