
নাজমুল হাসান রিপন ফুলবাড়ীয়া
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ এনে একটি আইনি নোটিশ (Justice Demand Notice) দিয়েছেন ব্যারিস্টার আশরাফুর রহমানের মাধ্যমে ফুলবাড়ীয়ার বাসিন্দা মো. খোরশেদ আলম। ৩০ সেপ্টেম্বর নোটিশটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি এবং ময়মনসিংহের ডেপুটি কমিশনার (ডিসি)-এর কাছে পাঠিয়েছেন।
নোটিশের মূল অভিযোগসমূহ: আইনি নোটিশ অনুযায়ী, ইউএনও মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে নিম্নলিখিত অভিযোগগুলো আনা হয়েছে: বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ অভিযোগে বলা হয়েছে, ইউএনও ২০২৪-২৫ অর্থবছরের নির্মাণ ও উন্নয়নমূলক কাজ এবং ২০২২-২৩ অর্থবছরের টিআর (TR) ও কাবিখা (Kabikha) ফান্ডের প্রায় ৩৫ লক্ষ টাকা (পঁয়ত্রিশ লক্ষ) আত্মসাৎ ও অপব্যবহার করেছেন।
চেয়ারম্যানের সাথে যোগসাজশ: এই দুর্নীতিতে তিনি রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া শিমুল-এর সাথে যোগসাজশ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। সাংবাদিকদের মুখ
বন্ধ করার চেষ্টা: ইউএনও তার পদের প্রভাব খাটিয়ে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সভাপতির পদ দখল করে আছেন।নোটিশে দাবি করা হয়েছে, এই পদে থাকার কারণে স্থানীয় সাংবাদিকেরা তাঁর দুর্নীতির বিরুদ্ধে লিখতে সাহস পাচ্ছেন না, যা সংবিধান প্রদত্ত বাকস্বাধীনতার মৌলিক অধিকারকে ক্ষুন্ন করছে। অভিযোগ করা হয়, ইউএনও-এর এই অবৈধ কর্মকাণ্ডের ফলে সরকারি কর্মকর্তাদের সততা ও ভাবমূর্তি সমাজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাঁর দুর্নীতির খবর ইতোমধ্যে বিভিন্ন দৈনিকে প্রচারিত হয়েছে। নোটিশ প্রেরক মো. খোরশেদ আলম পূর্বেও ২০২২ সালের ২২ শে সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডিসি অফিসে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন।বর্তমান নোটিশে কর্তৃপক্ষকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে ইউএনও-এর বিরুদ্ধে আনিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তদন্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই সমস্যার সমাধান এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হয়, তবে নোটিশ দাতা হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করবেন বলে সতর্ক করে দেওয়া হয়েছে।