
এস এন জামান হাশেমী পাবনা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছিলেন এবারের নির্বাচন কঠিন ও চ্যালেঞ্জের হবে—এদেশের মানুষ এখন তার সত্যতা দেখছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু দেশের কিছু রাজনৈতিক দল এখনো নির্বাচন চায় না। তারা বিভিন্ন অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, “বিএনপি সবসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে। হাবিব সরকারকে সতর্ক করে বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে, তা আর চলবে না। এ দেশের মানুষ তাদের অধিকার বুঝে নিতে জানে। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হান্নান, অ্যাডভোকেট মনিরুজ্জামান বাচ্চু, যুবদল নেতা মেহেদী হাসান রনি, স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম প্রমুখ। সভা শেষে নেতাকর্মীরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করেন।