
মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর ধারে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের পুত্র মোঃ গোলাম মোস্তফা (৪৬) এবং মৃত নোমান আলী মণ্ডলের পুত্র আব্দুর রশিদ (৪০)।
গোদাগাড়ী মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) এম এ কুদ্দুসের নেতৃত্বে একটি টিম ডাইংপাড়া মোড় এলাকায় ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন ব্যক্তি নৌকায় করে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে পদ্মা নদীর ধারে অবস্থান করছে। পরে পুলিশ সকাল ১১টা ২৫ মিনিটের দিকে অভিযান চালালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে ১১টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করে।তল্লাশিতে গোলাম মোস্তফার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ৫টি স্বচ্ছ পলিথিনে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত আরও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।