
মমিনুল ইসলাম মুন রাজশাহী
নাটোরের সিংড়ায় আলোচিত মিঠুন হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল ইসলাম নিক্সন (২৭)–কে মামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের নেতৃত্বে এবং র্যাব-৪, সাভার ক্যাম্পের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২২ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, গত ২০ অক্টোবর (সোমবার) দুপুর ১টা ২০ মিনিটের দিকে নাটোরের সিংড়া উপজেলার পেট্রো বাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত মিঠুন তার ভগ্নিপতি মমিনুল ইসলাম নিশানের সঙ্গে পারিবারিক কলহ মীমাংসার উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনার দিন বিকেলে সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-২৭, তারিখ ২১/১০/২০২৫)। এরপর র্যাব-৫ দ্রুত অভিযান শুরু করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
তদন্তে জানা যায়, আসামি মাহমুদুল ইসলাম নিক্সন ও তার বড় ভাই মমিনুল ইসলাম নিশানের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা লেনদেন নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি জানতেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। ঝগড়া মীমাংসার জন্য নিশান ও তার পরিবারের সদস্যরা বাড়ির পথে রওনা হলে পথে আনোয়ারা পাইলট স্কুলের সামনে নিক্সন পরিকল্পিতভাবে মিঠুনের বুকে ও গলায় ধারালো ডেগার দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিক্সন হত্যার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে আশুলিয়া থানার মাধ্যমে সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।