
এম এই রাজ্জাক (সুমন)
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের মেঘনা ও পদ্মা নদীতে পৃথক অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয় এবং দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দেন।
জেলা প্রশাসনের নেতৃত্বে রাতভর অভিযান চলে। প্রথম অভিযানে সদর উপজেলার মেঘনা নদীতে ১ লাখ মিটার জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত ৩০ কেজি ইলিশ মাছ এতিমখানায় হস্তান্তর করা হয়। অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ লাইন্স ও সদর থানা পুলিশ এবং নৌ পুলিশ।অন্যদিকে, একই রাতে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালানো হয়। সেখানে ৪ জন জেলেকে আটক করা হয়, যাদের কাছ থেকে ৪ লক্ষ মিটার জাল ও ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযানে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, “মা ইলিশ সংরক্ষণে অভিযান চলবে অক্টোবরজুড়ে। কেউ নিষিদ্ধ সময়ে নদীতে নামলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”