
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের একটি কওমী মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মনির হোসেন (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা যায়, ঘটনাটি ঘটেছে শহরের মদিনাতুল মারকাজুল উলুম নূরানী কওমী হাফেজিয়া মাদ্রাসায়। অভিযোগ রয়েছে, ওই মাদ্রাসার হাফেজ বিভাগের এক ছাত্রকে একাধিকবার বলাৎকার করেন শিক্ষক মনির হোসেন। বিষয়টি গোপনে চললেও সম্প্রতি ভুক্তভোগী শিশুটি বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলে অভিযান চালিয়ে মনির হোসেনকে মাদ্রাসা এলাকা থেকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান বাসির বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার পর স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।