
ইমাজ উদ্দিন, মৌলভীবাজার
মানবিকতার মূর্ত প্রতীক ও দায়িত্ববান প্রশাসক এই দুটি বিশেষণই যেন সবচেয়ে বেশি মানায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর-এর ক্ষেত্রে। সরকারি দায়িত্ব পালনে তিনি যেমন কঠোর ও শৃঙ্খলাবদ্ধ, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত এক মানবিক কর্মকর্তা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টানা চারটি দপ্তরের দায়িত্ব সামলিয়ে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রমে।
২০২৫ সালের ৮ জানুয়ারি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই উপজেলা প্রশাসনে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি। সততা, কর্মদক্ষতা ও মানবিকতা দিয়ে তিনি অল্প সময়েই দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠেন।
বর্তমানে তিনি একাধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নয়ন ও জনসেবাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে উপজেলার প্রতিটি খাতে এনেছেন দৃশ্যমান পরিবর্তন। গত এক বছরে তার উদ্যোগে কমলগঞ্জে কয়েক কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
অবৈধ বালু উত্তোলন ও মজুদ রোধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণ, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ার বিরুদ্ধে অভিযান সবকিছুতেই রয়েছে তার কঠোর নজরদারি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গত এক বছরে প্রায় ১২ লক্ষ টাকার জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছেন তিনি। ভূমি ব্যবস্থাপনা পারফরম্যান্সে জুলাই-আগস্ট মাসে তিনি নির্বাচিত হন জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড।
প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিকতার জায়গায়ও তিনি সমানভাবে প্রশংসিত। অসহায়, দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এখন তার নিত্যদিনের অংশ। জলাবদ্ধতা নিরসন, রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মন্দিরে সরকারি সহায়তা নিশ্চিতকরণসহ প্রতিটি ক্ষেত্রে রয়েছে তার সক্রিয় ভূমিকা।
শিক্ষার মানোন্নয়নে তিনি “মিট দ্য স্টুডেন্টস” কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে নিজেই পরিদর্শন করেছেন পরীক্ষাকেন্দ্রগুলো।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে তিনি দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব। জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেন নির্মাণ, বাজার উচ্ছেদ অভিযান, বৃক্ষরোপণ, প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান, কৃষি ও ক্লাইমেট মেলা আয়োজনসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগে এখন নবজাগরণের আলো ছড়াচ্ছে পুরো কমলগঞ্জ।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, আইনশৃঙ্খলার উন্নতি এবং পৌরসভার সৌন্দর্যবর্ধনের কাজ অব্যাহত থাকবে। তার নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও মানবিক মনোভাবের কারণে স্থানীয়রা স্নেহভরে তাকে বলেন “মানবিক ইউএনও মাখন চন্দ্র সূত্রধর”। যার কর্মদক্ষতা ও নেতৃত্বে পরিবর্তিত হচ্ছে পুরো কমলগঞ্জের চিত্র।