
মহিদুল ইসলাম সোনাতলা
বগুড়া জেলার সোনাতলা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে সোনাতলা থানাধীন হরিখালী সিএনজি স্ট্যান্ড এলাকায়। আহত ব্যক্তির সোনাতলা উপজেলার হাসরাজ গ্রামের শ্রী পরিমলের পুত্র শ্রী অনিক কুমার (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পূর্ব শত্রুতার জেরে তার উপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে রাত ১১টা ৫০ মিনিটের দিকে স্থানীয় লোকজন অনিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, অনিক কুমারের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে ।