
এম এ মান্নান (নওগাঁ)
বিশ্বে প্রতিনিয়ত নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, অগ্নিকাণ্ড ইত্যাদি। এসব দুর্যোগ মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সচেতনতা সৃষ্টি করাই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের মূল উদ্দেশ্য।১৯৮৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রথমবারের মতো অক্টোবর মাসের ১৩ তারিখকে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ হিসেবে ঘোষণা করে। ১৯৯০ সাল থেকে দিনটি বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে। শুরুতে এটি “International Day for Natural Disaster Reduction” নামে পরিচিত ছিল, পরে নাম পরিবর্তন করে রাখা হয় “International Day for Disaster Risk Reduction (IDDRR)”। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর এ দিবসটি ভিন্ন ভিন্ন থিমে পালিত হয়।দুর্যোগকে সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব নয়, তবে তার প্রভাব অনেকাংশে কমানো যায়। এই দিবসের মাধ্যমে মানুষকে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, দ্রুত সতর্কবার্তা প্রদান, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ক্ষয়ক্ষতি হ্রাসের কৌশল সম্পর্কে সচেতন করা হয়। সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে একটি দুর্যোগ-সহনশীল সমাজ গঠনই এই দিবসের প্রধান লক্ষ্য।এ দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে, টেকসই উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্যোগ ঝুঁকি কমাতে পরিবেশবান্ধব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রস্তুতি অত্যন্ত জরুরি।২০২৪ সালের জাতিসংঘ ঘোষিত থিম ছিল —“Fighting Inequality for a Resilient Future” “সহনশীল ভবিষ্যতের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই”।এই থিমের মাধ্যমে বৈষম্য কমিয়ে দুর্যোগ মোকাবিলায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রায় প্রতিবছরই এখানে ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তাই এই দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি গ্রহণ করে থাকে যেমন: মহড়া, আলোচনা সভা, প্রদর্শনী ও সেমিনার।
দুর্যোগ কখনও সম্পূর্ণরূপে বন্ধ করা যায় না, কিন্তু আমরা প্রস্তুতি ও সচেতনতায় তার ক্ষতি অনেকাংশে কমিয়ে আনতে পারি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আমাদের সেই প্রস্তুতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, তবে একটি দুর্যোগ-সহনশীল ও নিরাপদ বিশ্ব গড়ে তোলা সম্ভব।