
আমজাদ হোসেন চিরিরবন্দর (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় দিন দিন বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় প্রতিদিনই নতুন করে চুরির ঘটনা ঘটছে। এতে করে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
শনিবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ী এলাকায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চোররা বাড়ি থেকে বিদেশি গরু, ছাগল, মোবাইল ফোন, পরনের কাপড়সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যায়। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার মানুষ।
এদিকে শুধু ব্যক্তিগত বাড়িঘর নয়, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানপাট ও এমনকি মসজিদেও চুরির ঘটনা ঘটছে প্রায় নিয়মিতভাবে। প্রতিদিন সকাল হলেই কোনো না কোনো গ্রাম থেকে চুরির খবর আসছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, প্রশাসনের দৃশ্যমান কোনো ব্যবস্থা না থাকায় চোর চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে। এ অবস্থায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এসব চুরির মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।