
মোহাম্মদ মিনার হোসেন খান, স্টাফ রিপোর্টার নরসিংদী
নরসিংদীর শিবপুরে ভয়াবহ অগ্নিকান্ডে মারিয়া মম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মুদি ও কনফেকশনারি দোকানের গোডাউনের মালামাল ভস্মীভূত হয়ে গেছে।
১ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ রোডে অবস্হিত মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে মারিয়া মম এন্টারপ্রাইজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম মোল্লা জানান, আমি ফ্রেশ কোম্পানির ডিলারসহ বিভিন্ন কোম্পানির কনফেকশনারী ও মুদির মালামাল বিক্রয় করি। মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে গোডাউন বন্ধ করি। প্রতিদিন যাওয়ার আগে লাইট, ফ্যান সুইচ বন্ধ করে রেখে গেছি। কিন্তু গতকাল কিভাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয় বুঝতে পারছি না।
শফিকুল ইসলাম গভীর রাতে আগুন লাগার খবর পান। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগের গোডাউনের মধ্যে থাকা একটি পিকাপ ভ্যানসহ সব ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, আমার প্রায় ৯০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন জানান, মারিয়া মম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।