
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে একটি সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন স্থানে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের হলে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।গতকাল শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে চালানো অভিযানে পুলিশ দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।অভিযান পরিচালনাকারী এসআই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজনই পেশাদার চোর। তারা নিয়মিত মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। তাদের কাছে বিশেষ ধরনের চাবি রয়েছে, যার মাধ্যমে সহজেই যেকোনো মোটরসাইকেল চালু করা যায়। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হয়েছিল এবং জামিনে মুক্ত হয়ে আবার চুরির সঙ্গে জড়িয়ে পড়ে।গ্রেফতারকৃতরা হলেন শহরের আলীপুর গোরস্থান এলাকার তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড় এলাকার আনিক ইসলাম (২৫), একই এলাকার রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের লিয়ন শেখ (২৬), শোভারামপুর এলাকার সিদ্দিক সরদার (৪২),সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের এনামুল (২৮) এবং নড়াইল জেলার নড়াগাতী থানা এলাকার সাব্বির হোসেন।থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চোরদের শনাক্ত করা সহজ হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে প্রথমে তামিম মোল্লা ও আনিক ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদেরও আটক করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।কোতয়ালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং তাদের কাছে আরও একটি মোটরসাইকেল রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে এবং আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।