
মোঃ হেলাল উদ্দিন উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী, শেরপুর |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বাজারের নিরাপত্তা কর্মী (পাহারাদার) রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে ঘটনার চার দিন পার হলেও অভিযুক্ত জালাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে এ ঘটনা ঘটে। দুই মাস আগে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন তরুণীটি এলাকায় এসে বাজারের আশপাশে ঘুরে বেড়াতেন। দোকানিরা তাকে খাবার দিতেন এবং তিনি বিভিন্ন দোকানের বারান্দায় রাত কাটাতেন।
ঘটনার রাতে কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে জালাল মিয়া ওই তরুণীকে নির্জন সময় ও স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি বাজারের পাহারাদারদের নজরে এলে তারা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ঘটনাস্থলে এসে চড়-থাপ্পড় দেখিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরদিন ঘটনাটি জানাজানি হলে শনিবার (২৮ জুন) পুলিশ ভুক্তভোগী তরুণীকে থানায় নিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসীর অভিযোগ, জালাল মিয়া দীর্ঘদিন ধরেই এলাকায় নারীদের হয়রানি ও ধর্ষণের সঙ্গে জড়িত। কিন্তু প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”