
শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচর এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঈদের দাওয়াত খেতে এসে যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।
নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম মো. রাহিদ ইসলাম (১৮), সে দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর গ্রামের মো. শরিফুল ইসলাম সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ ইসলাম দুই দিন আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে কালিহাতী উপজেলার যোগারচরে নানির বাড়িতে বেড়াতে আসে। ঈদের আনন্দে, দুপুর ১ টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন রাহিদ। তবে সাঁতার না জানায়, তিনি নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান।
স্থানীয়রা দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহিদের চাচা আবুবক্কর ও সাইফুল ইসলাম জানায়, “আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদের দিন, রাহিদ এবং তার বাবা-মা শহর থেকে প্রথমে গ্রামের বাড়ি ধলাটেংগর আসে। দাদার বাড়ি দুইদিন থাকার পর তারা নানির বাড়ি যোগারচরে চলে যায়। সেখানেই দুপুরে ঈদের আনন্দে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় রাহিদ পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এঘটনায় দাদা বাড়ি ধলাটেংগর ও নানাবাড়ি যোকারচর গ্রামে শোকের মাতম বইছে।