
জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ: জান্নায় একই পরিবারের মধ্যে উত্তেজনা।
মোঃ আব্দুল জলিল (পাশা)
উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের পশ্চিমপাড়ায় পারিবারিক জমি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। মৃত আলিমুদ্দিনের ছেলে ও মৃত আবু বক্কর সিদ্দিক ওরফে তুলা মিয়ার বসতভিটা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে তার ছোট ভাই মৃত্যু বুলবুলের স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে তুলা মিয়া মৃত্যুবরণ করার পর তার একমাত্র ছেলে নাহিদ সিদ্দিক ওরফে রনি এবং স্ত্রী নানাবাড়িতে চলে যান। সেখানে দীর্ঘ কয়েক বছর বসবাস করার পর রনি সম্প্রতি তার পিতার রেখে যাওয়া বসতভিটায় ঘর নির্মাণের উদ্যোগ নিলে শুরু হয় নতুন জটিলতা।
রনির অভিযোগ, তার চাচা বুলবুলের স্ত্রী কাজল, ছেলে মোস্তফা কাওসার, মেয়ে ফাতেমা এবং পরিবারের আরও কয়েকজন লোকজন ঘর নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করছে। তিনি বলেন—
“আমার দাদার রেখে যাওয়া জমি ইতোমধ্যে চার ভাইয়ের মধ্যে সমান হারে বণ্টন হয়েছে। তারপরও আমার চাচি ও তার ছেলে-মেয়ে বিভিন্নভাবে আমাকে ভয়-ভীতি দেখাচ্ছে। কয়েকবার স্থানীয় সালিশ হলেও তারা হুমকি দিয়ে যাচ্ছে এবং আমার নিজ জায়গায় ঘর নির্মাণে বাধা দিচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে পারিবারিক এই বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। একাধিকবার বিচার-সালিশ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এ নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন যাতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয়।