
মোঃ হামিদুর রহমান সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
গণপূর্ত ক্যাডার সার্ভিসের কর্মকর্তা মোঃ হাসানূর রেজা শাহীন নির্বাহী প্রকৌশলী (উপসচিব সমমান,৫ম গ্রেড) পদে পদোন্নতি লাভ করেছেন।গতকাল মঙ্গলবার,১৭ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়।তার দীর্ঘদিনের আন্তরিকতা,দক্ষতা,সততা ও প্রশাসনিক যোগ্যতার ফল হিসেবেই এই সাফল্যকে দেখছেন সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।নওগাঁর সাপাহার উপজেলার স্থায়ী বাসিন্দা শাহীন দুই ভাইয়ের মধ্যে বড়।তার পিতা মোঃ মোত্তালিব হোসেন এবং মাতা মোছাঃ হাসিনা বেগম।ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী।২০০০ সালে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কসহ প্রথম বিভাগে এসএসসি এবং রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।পরবর্তীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে প্রকৌশল বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবন শেষে তিনি ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী হিসেবে রংপুর গণপূর্ত সার্কেলে তার কর্মজীবন শুরু করেন।২০১৬ সালে উপবিভাগীয় প্রকৌশলী পদে উন্নীত হন তিনি। পরে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ, র্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ প্রকল্প এবং মিরপুর গণপূর্ত বিভাগে দায়িত্ব পালন করেন নিষ্ঠা, সততা ও সাফল্যের সঙ্গে।১১ বছরের কর্মজীবনে নিজ যোগ্যতা, দায়িত্বশীলতা ও সুনামের কারণে শাহীন গণপূর্ত বিভাগে একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন।পদোন্নতি প্রাপ্তির অনুভূতি জানিয়ে মোঃ হাসানূর রেজা শাহীন বলেন,এই সাফল্য আমার পরিবারের দোয়া, সহকর্মীদের সহযোগিতা এবং কর্মস্থলে অর্জিত অভিজ্ঞতার ফল।আমার এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া যেন সব সময় আমাকে শক্তি জোগায়।তিনি ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সাপাহার অঞ্চলের কৃতি ও মেধাবী সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত শাহীন-এর এই অগ্রগতি এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার করেছে।