
তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি: মাদ্রাসা মাঠে জনসভা, নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা
অপু দাস,ব্যুরো প্রধান,
রাজশাহী।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তার রাজশাহীতে আগমন উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভা আয়োজন করা হচ্ছে। জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।
জনসভাস্থলে ইতোমধ্যে সুপরিসর ও নিরাপদ মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মাঠের ভেতরে ও বাইরে প্রবেশ ও প্রস্থানের পথ, শৃঙ্খলা রক্ষা, বসার ব্যবস্থা এবং জরুরি সেবা নিশ্চিত করতে আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, জনসভাটি হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং জনবান্ধব।
তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী বিভাগসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থল পরিদর্শন করছেন। তারা প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দিচ্ছেন।
দলীয় নেতারা জানান, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন। এর আগে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় ৯ বছর আগে রাজশাহীতে সর্বশেষ রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন। এ কারণে এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলাদা আবেগ ও প্রত্যাশা কাজ করছে।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, অতীতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে নানা ধরনের বাধা, হয়রানি ও চাপের মুখে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবারের জনসভায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়োজক কমিটির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, জনসভাস্থলে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। জনসভায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম, অস্থায়ী চিকিৎসা কেন্দ্র এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত চিকিৎসা ও হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এদিকে, তারেক রহমানের রাজশাহীতে আগমনের সময়সূচি, জনসভার প্রস্তুতি, নির্বাচনী প্রচারণা এবং মহানগরীর সার্বিক প্রস্তুতি নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন রাজশাহী-২ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, রাজশাহী মহানগর বিএনপি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পূর্ণ প্রস্তুত রয়েছে। জনসভা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে দলের সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, রাজশাহীর সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভা একটি ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশে পরিণত হবে।