
মোঃ শাহানজিদ উদ্দিন সোহান ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৫ অক্টোবর, রোববার “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যাপক মাসুদ ইসলাম বলেন,“শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশাটির সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে শিক্ষক সমাজের নানা সংকট রয়েছে, যেগুলো সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা উচিত।
অবসরপ্রাপ্ত শিক্ষক এন. এস. শাহাজালাল বলেন, “শিক্ষকরা মোমবাতির আলোর মতো জাতিকে আলোকিত করে। এই আলো সমাজে ছড়িয়ে পড়েই জাতি গঠনে ভূমিকা রাখে। আমরা যদি এই মহান ব্রত ধরে রাখতে পারি, তবে দেশকে এগিয়ে নেওয়া সহজ হবে।
অনুষ্ঠানটি সভাপতিত্ত করেন,ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান।
সবশেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন,“শিক্ষকরা কখনো প্রাক্তন হন না। নানা প্রতিকূলতার মধ্যেও তারা জাতি গঠনে যে অবদান রাখছেন, তা অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করি, শিক্ষকরা ভবিষ্যতেও এভাবেই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।