
আঃ হালিম আতিক জেলা প্রতিনিধি টাঙ্গাইল।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব ফারজানা জেসমিন এবং সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোফাখখারুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সম্প্রতি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথি তাঁর বক্তব্যে বলেন, “গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হচ্ছে। জনগণের নিরাপত্তা দিতে না পারলে পরিস্থিতি আরও নাজুক হবে এবং পরাজিত ফ্যাসিস্ট চক্রের পুনরুত্থানের পথ সুগম হবে। তাই অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলিফ দেওয়ান, নাগরপুর উপজেলার সংগঠক আলিম মোল্লা, জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক তুষার আহমেদ, জেলা ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও সংহতি জানিয়ে অনেকে উপস্থিত থাকেন।
বক্তারা বলেন, এ ধরনের নাশকতা গণতান্ত্রিক রাজনীতিকে হুমকির মুখে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
১লা জুলাই,২০২৫