
মোঃ মাসুম বিল্লাহ কিশোরগঞ্জ প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে চার ভিসা প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ শুক্রবার রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান পরিচালনায় টহলের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উপজেলার বাড়িমধুপুর ফুলবাড়ী চৌরাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে কয়েকজন প্রতারক আছে। তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ইন্টারনেট ব্যবহার করে কানাডিয়ান নকল ভিসার আবেদন, নকল পাসপোর্ট, চাকরির নকল নিয়োগ-যোগদানপত্র ও বিদেশগমনের সংশ্লিষ্ট কাগজপত্র দেওয়ার নামে প্রতারণামূলকভাবে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসী ও বাংলাদেশিসহ অন্যদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই বিল্ডিং থেকে হাতেনাতে চার ভিসা প্রতারককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুর ইউপির তেলের পাম্প সংলগ্ন গ্রামের মৃত ফিরোজুল ইসলামের ছেলে রাফি হোসেন রিপন (১৯), উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সিট রাজিব মাঠের বাজার গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মুন্না ইসলাম মিতু (১৯), বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও নিতাই ইউনিয়নের মধুপুর কুঠিয়ালপাড়ার মহুবারের ছলে আইনুল (২৪)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন প্রতারক পালিয়ে যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে