মো.আনোয়ার ঢাকা কলেজ প্রতিনিধি
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিক বিভাগের স্বাতন্ত্র্য বজায় রাখার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে উচ্চ মাধ্যমিক স্তরের জন্য প্রকাশিত ‘অন্তর্বর্তী ব্যবস্থা’ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেছে তারা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় ঢাকা কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা "তুমি কে আমি কে? ঢাকা কলেজ, ঢাকা কলেজ, স্কুলিং না স্বতন্ত্র? স্বতন্ত্র, স্বতন্ত্র, ইউজিসির কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে, তুমি কে আমি কে? ইন্টার ইন্টার, ঢাকা কলেজের আঙ্গিনায় স্কুলিংয়ের ঠায় নাই, স্কুলিংয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না, ফাঁসি ফাঁসি চাই স্কুলিংয়ের ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত স্কুলিং মডেল বাস্তবায়ন হলে ঢাকা কলেজের দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য ও স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হবে। কলেজের একাডেমিক কাঠামো, প্রশাসনিক স্বাধীনতা এবং ইন্টারমিডিয়েটের নিজস্ব পরিচয় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা আরও দাবি করেন, উচ্চমাধ্যমিক স্তরের কার্যক্রম কীভাবে চলবে এবং ভবিষ্যৎ কাঠামো কী হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সুস্পষ্ট নীতিমালা প্রকাশ করতে হবে।
বিক্ষোভ পরবর্তী সময়ে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ফাহিম মুনতাসির নাবিল বলেন, শুরু থেকেই উচ্চ মাধ্যমিক স্তরের পক্ষ থেকে বিভিন্ন উদ্বেগ ও আপত্তি ছিল। পরবর্তীতে যখন মন্ত্রণালয়ের কনসালটেশন প্রক্রিয়া শুরু হয়, তখন উচ্চ মাধ্যমিকের প্রতিনিধিরাও সেখানে অংশগ্রহণ করে। সে কারণে আমরা বিশ্বাস করছিলাম যে পুরো বিষয়টি একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। কিন্তু গত ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। ওই প্রেস রিলিজের পাঁচ নম্বর পয়েন্টে ‘উচ্চ মাধ্যমিক স্তরের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা’ এমন একটি শব্দচয়ন ব্যবহার করা হয়, যেটি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর অসন্তোষ ও আশঙ্কা তৈরি করেছে।
উচ্চ মাধ্যমিকের স্থায়িত্বের বিষয়ে তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী ব্যবস্থা' শব্দটি স্বাভাবিকভাবে বোঝায় যে এটি একটি সাময়িক ব্যবস্থা। অর্থাৎ এর পরে উচ্চ মাধ্যমিকের স্থায়িত্ব বা কাঠামো কী হবে তা অনিশ্চিত। আইনজীবীরা যে ব্যাখ্যা দিয়েছেন, সেগুলোও একই আশঙ্কাকে আরও জোরালো করেছে। এই কারণে আমরা বিভিন্নভাবে মাধ্যমিক থেকে শুরু করে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ সব জায়গায় এই বিতর্কিত শব্দচয়নের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। এমনকি গতকালও আমরা আনুষ্ঠানিকভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।