মোঃ আসাদুজ্জামান
বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আবজালের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সকালে মোংলার সাইলো জেটিসংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।গত শনিবার (৮ নভেম্বর, ২০২৫) দুপুর ১টার দিকে সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণের সময় পশুর নদের ঢাংমারি খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ জন পর্যটক নিয়ে ছোট একটি কাঠের নৌকা (জালিবোট) সুন্দরবনের ভেতরে যাচ্ছিল। পশুর নদীর ঢাংমারি খাল ও নদীর মোহনায় পৌঁছালে দ্রুতগামী একটি বোটের সৃষ্ট প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।আশপাশের নৌকার সহায়তায় ১৩ জন পর্যটককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও, রিয়ানা আবজাল নিখোঁজ হন। কোস্টগার্ড, বন বিভাগ ও স্থানীয়রা টানা তিন দিন তল্লাশি অভিযান চালানোর পর তার মরদেহ উদ্ধার হয়।
নিখোঁজ রিয়ানা আবজাল (২৮) যুক্তরাষ্ট্রপ্রবাসী ছিলেন এবং বাংলাদেশ বিমানবাহিনীর একজন সাবেক পাইলট ছিলেন। তিনি তার বাবা, বিমানবাহিনীর সাবেক প্রকৌশলী আবুল কালাম আজাদসহ পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন দেখতে এসেছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে এবং পরিবার ঢাকার উত্তরা এলাকায় বসবাস করে। উদ্ধারকৃত লাশ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।