নাদিম হাসান, আশুলিয়া
রাজধানী ঢাকার উপকণ্ঠে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যার চাপ মোকাবিলায় সাভার ও আশুলিয়া অঞ্চলকে একীভূত করে ‘সাভার সিটি কর্পোরেশন’ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। একই সঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত প্রস্তাবনা পত্রে এ নির্দেশনা জারি করা হয়।সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম দিকের গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রস্তাবটি অনুমোদন করেছেন।
সাভার–আশুলিয়ায় সীমিত নাগরিক সুবিধা ও ব্যবস্থাপনার অচলাবস্থা চিঠিতে উল্লেখ করা হয়, সাভারে পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় অপ্রতুল। বিশেষ করে আশুলিয়া এলাকায় বিপুল শিল্পকারখানা, শ্রমিকবসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে নগর ব্যবস্থাপনা প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, আশুলিয়ায় যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুরবস্থা নাগরিক জীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে। ফলে সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশন গঠন এখন সময়ের দাবি।
কেরানীগঞ্জে পৌর কাঠামোর অভাব ও প্রশাসনিক সুপারিশ প্রস্তাবে আরও বলা হয়েছে, রাজধানীর ক্রমবর্ধমান বিস্তার ও জনসংখ্যার চাপের ফলে কেরানীগঞ্জ ও সাভার অঞ্চল দ্রুত অপরিকল্পিত নগরায়ণের মুখে পড়েছে।
কেরানীগঞ্জে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন না থাকায় সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। এ কারণে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
বাস্তবায়নে নির্দেশনা ও সম্ভাবনা এমতাবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এবং বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগে জানাতে বলেছে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজধানীর পাশেই একটি আধুনিক সিটি কর্পোরেশন গড়ে উঠবে, যা শিল্পনগরী সাভার ও আশুলিয়া অঞ্চলের দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসনে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।