মোঃ হামিদুর রহমান (নওগাঁ)
গাজায় গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা বহরে মানবিক ত্রাণনৌকায় হামলার প্রতিবাদে নওগাঁর সাপাহারে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫ খ্রি.) বাদ জুমা জিরো পয়েন্ট মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন মহল্লার সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “খ্রিষ্টান, ইহুদি ও নাসারা শক্তি মিলে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। গাজায় মানবিক ত্রাণবাহী ফ্লোটিলায় হামলা করে তারা অমানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে।” বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মসূচির আয়োজন করে সাপাহার উপজেলা ইত্তেহাদুল উলামা পরিষদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।