মোঃ আব্দুল জলিল পাশা
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। ১৭ অক্টোবর ২০২৫ ইং শুক্রবার বিকেলে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা। এই খেলায় মুখোমুখি হয় সাটুরিয়া ইউনিয়ন বনাম ফুকুরহাটি ইউনিয়ন। খেলায় সাটুরিয়া ইউনিয়ন ১-০ গোলে ফুকুরহাটী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন উপচে পড়া হাজার হাজারো দর্শক। কাঠফাটা রোদ উপেক্ষা করে দর্শকরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ খেলা। মাঠের দুই প্রান্তে দর্শকদের করতালিতে মুখরিত ছিল সাটুরিয়া উপজেলা ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. মনোয়ার হোসেন মোল্লা, যুগ্ম সচিব ও জেলা প্রশাসক (ডিসি) মানিকগঞ্জ।বিশেষ অতিথি ছিলেন মোছাঃ ইয়াসমিন খাতুন, পুলিশ সুপার, মানিকগঞ্জ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাটুরিয়া, মানিকগঞ্জ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক চর্চাই নয়, এটি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শান্তিপ্রিয় ও শৃঙ্খলাপূর্ণ একটি খেলার পরিবেশ পেয়েছি, যা সত্যিই প্রশংসনীয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আগামী দিনের জন্য আন্তরিক শুভকামনা জানাই।তিনি আরও বলেন, সাটুরিয়া উপজেলার প্রশাসন, পুলিশ বিভাগ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় ফাইনাল ম্যাচটি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জাহাঙ্গীর খেলা শেষে বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু প্রতিটি হারের মধ্যেই থাকে শিক্ষার সুযোগ। আমরা আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও শক্তিশালী দল হিসেবে মাঠে ফিরব। তিনি আরও সকল খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার ও ফুকুরহাটি ইউনিয়নের জনগণকে ধন্যবাদ জানান।এছাড়া খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় তিনি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। দিনব্যাপী এই খেলাটি সাটুরিয়া উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি করে।