মোঃ আবদাল মিয়া জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের মৌলভীবাজার রোডস্থ তিনটি পাইকারি দোকানে সোমবার দিবাগত রাত ৯ টা থেকে প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) শ্রীমঙ্গল'র মোহাম্মদ ইউসুফ'র সাথে কথা হলে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলমের (২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) উপস্থিতিতে সেনাবাহিনীর একটি টিমের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে মূলত টার্গেট ছিল অবৈধ মজুদ, তবে এখানে অবৈধ মজুদের প্রাথমিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি, যা পাওয়া গেছে তার মধ্যে তামাক দ্রব্য রাখা (স্থানীয় ভাষায় সাদা পাতা), কিছু দ্রব্যে মূল্য তালিকা না থাকায় এবং কিছু দ্রব্য মেয়াদ হীন ইত্যাদি পৃথক পৃথক অভিযোগে তিনটি দোকানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ নগদ আদায় করা হয়েছে।
তিনি বলেন,অন্যান্য পণ্যের সাথে তামাকজাত দ্রব্য বিক্রি করতে হলে এর জন্য আলাদা অনুমতি এবং কাগজপত্রের প্রয়োজন সেটা আমরা তাদেরকে বলে দিয়েছি। ভবিষ্যতে যেন তামাকজাত দ্রব্য অন্যান্য পণ্যের সাথে না রাখেন।
এছাড়াও অন্যান্য যে সমস্যা গুলো রয়েছে তা প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি।
তিনি আরো বলেন, আমরা নিয়মিত অভিযান করে আসছি,কোথাও যদি অবৈধভাবে কোন পণ্য মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় এবং তথ্য পেলে আমরা অভিযান পরিচালনা করব।
অভিযানে শ্রীমঙ্গল ভূমি অফিসের অফিস সহকারী মোহাম্মদ বাছির মিয়া উপস্থিত ছিলেন।