আশরাফুজ্জামান, মৌলভীবাজার
মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুপথযাত্রী ৭ বছরের শিশু তাজিমের জীবন রক্ষায় মানবিক ভূমিকা রাখেন শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ক্লিনিক কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেয়। তবে তারা নেবুলাইজার সিলিন্ডার দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় এসআই মহিবুর রহমান দৃঢ় প্রচেষ্টা চালিয়ে শিশুটিকে সিলিন্ডারসহ সিএনজিতে তুলে দ্রুত মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মরণাপন্ন শিশুর জন্য যদি একটি সিলিন্ডারও না দেওয়া হয়, তবে এ ধরনের হাসপাতালের প্রয়োজন নেই।” তবে এসআই মহিবুর স্থানীয়দের শান্ত থাকতে অনুরোধ করেন এবং হাসপাতালকে অবহেলা না করার আহ্বান জানান।
বর্তমানে শিশু তাজিম মৌলভীবাজারের প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।