এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
শিবচরের সূর্যনগর বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা যুবদলের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী তাপুর নেতৃত্বে দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায় বাইপাস সড়কের ওপর এ কর্মসূচি হয়। বিকেল চারটা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে যুবদল নেতা তাপু চৌধুরী বলেন,এলাকার সূর্যনগর বাস কাউন্টার থেকে ২০০ টাকার নির্ধারিত ভাড়ার জায়গায় যাত্রীপ্রতি ২৫০ টাকা আদায় করা হচ্ছে।গত আট থেকে দশ দিন ধরে একটি দুর্বৃত্তচক্র নিয়মিতভাবে যাত্রীদের প্রতি এই বাড়তি ৫০ টাকার চাপ সৃষ্টি করছে।তিনি আরও বলেন, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ—এই চাঁদাবাজি দ্রুত বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনা হোক। এ ধরনের অনৈতিক কাজের সাথে যুবদলের কেউ জড়িত নয়, বরং এসব অপকর্ম আমাদের নেতাকর্মীদের নাম খারাপ করছে। আমরা চাই বাস্তব সত্য সামনে আসুক এবং যাত্রীদের ভোগান্তি দূর হোক।