এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচর উপজেলার নিলক্ষী ইউনিয়নের হাজির মোড়ে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণাধীন কলাতলী ব্রিজের কাজ থমকে গেছে জমি অধিগ্রহণের জটিলতায়। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৭০ মিটার দীর্ঘ এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের সেপ্টেম্বরে, কিন্তু এখন তা অনিশ্চয়তায় পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর জন্য যেসব জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমির মালিকরা এখনো ক্ষতিপূরণের টাকা পাননি। প্রশাসনের কাছে বারবার যোগাযোগের পরও টাকা না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।এদিকে, ব্রিজটি নির্মাণ হলে গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে। এবং আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসত। বর্তমানে নৌকার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী নদী পারাপার হয়। বর্ষাকালে স্রোত ও বৃষ্টির কারণে তাদের ভোগান্তি চরমে ওঠে।নদীর তীরের খেয়া ঘাটের মাঝি বলেন,আমি প্রতিদিন অনেক মানুষ পার করি। কিন্তু বর্ষায় বৃষ্টি হলে যাত্রীদের খুব কষ্ট হয়। সবাই সেতুর জন্য অপেক্ষা করছিল, এখন শুনছি জমির টাকা না দেওয়ায় কাজ বন্ধ—এটা সত্যিই দুঃখজনক।স্থানীয় এক জমিদাতা বলেন,আমরা সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করেছি, জমি দিয়েছি। কিন্তু এখনো এক টাকাও পাইনি। বারবার দপ্তরে ঘুরেও কোনো সুরাহা নেই। তাই বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করে দিয়েছি।এ বিষয়ে শিবচর উপজেলা প্রকৌশলী এ এম রেজাউল করিম বলেন,ব্রিজের প্রায় ৪০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।তবে ভূমি অধিগ্রহণের অর্থ ছাড় না হওয়ায় কাজ আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি জেলা প্রশাসনের আওতায়, তারা টাকা ছাড় করলে আবার কাজ শুরু হবে।নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য দিতে রাজি হননি।স্থানীয়রা জানান, ব্রিজটি চালু হলে কৃষি, ব্যবসা ও শিক্ষা–সব ক্ষেত্রেই উন্নয়ন ঘটবে। কিন্তু জমির ক্ষতিপূরণের টাকা না মেলায় প্রকল্পটি এখন কার্যত স্থবির অবস্থায় পড়ে আছে।