এস এম আলমগীর হুসাইন (মাদারীপুর)
মাদারীপুরের শিবচরে সদ্য ঘোষিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় শিবচর পৌর বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিবচর পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক। তিনি অভিযোগ করেন, “গত ৮ অক্টোবর ঘোষিত আহ্বায়ক কমিটিতে এমন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এরা বিএনপির বিরুদ্ধে নানা সময় নিপীড়ন-নির্যাতনের সহযোগী ছিল। এমন বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি আরও বলেন, “এই কমিটি গঠনের প্রক্রিয়ায় সংগঠনের নিয়ম ও শিষ্টাচার মানা হয়নি। তাই অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মামুন গোমস্তা ও মো. আইয়ুব আলী খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গোমস্তা, সবুজ খান ও সাখাওয়াত হোসেন, এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহমান বেপারী।
সংবাদ সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান, যেন দ্রুত পদক্ষেপ নিয়ে বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।