মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিহাব আলী (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১। রবিবার (১৬ নভেম্বর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকায় র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার সিহাব আলী শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. মতিউর রহমান।
র্যাব জানায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদে জানা যায়, স্বর্ণকারপাড়া এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সংবাদটি সত্যতা যাচাই করে র্যাব সদস্যরা দ্রুত অভিযানে নামে।
পরবর্তীতে জনৈক মিজান এর সারবীজ দোকানের উত্তর পার্শ্বে নুর মোহাম্মদের পতিত জমি থেকে সিহাব আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর সিহাব আলীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
র্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং বিশেষ করে মাদক নির্মূলে র্যাব সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।