লৌহজংয়ে ইউপি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট,এলাকায় আতঙ্ক।
আবু বকর সিদ্দিক :-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।চোরেরা ঘরের আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।ঘটনাটি ঘটে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে গতকাল গভীর রাতে।ভুক্তভোগী হলেন সাতঘরিয়া ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুমেল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাত আনুমানিক দুইটার দিকে চুরি হয়।সে সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানান স্বজনরা।চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে ফেলে।আলমারিতে রাখা ৫ লাখ ৮১ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।ভোরে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা।
এরপর দ্রুত লৌহজং থানায় খবর দেওয়া হয়।এ ঘটনায় ইউপি সদস্য রুমেল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।লৌহজং থানার একজন কর্মকর্তা জানান,বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।চোর শনাক্ত ও মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিকে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা দ্রুত চোরচক্র গ্রেপ্তার ও রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন।