মীর শাহীন উপজেলা প্রতিনিধি
ভোলার লালমোহনে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পরিচালিত ইসলামিক মডেল মাদরাসা ও মডেল একাডেমির আয়োজনে মেধা ও উপস্থিতি পুরস্কার এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।মাওলানা আজিম উদ্দিন খানের সঞ্চালনায় এবং অধ্যক্ষ আব্দুজ জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল মালেক ও ইসলাম সমাজকল্যাণ পাঠাগার মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম।বক্তারা বলেন, আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলে সমাজে নৈতিকতা ও মানবতার বিকাশ ঘটবে। মাদরাসাভিত্তিক মানসম্মত শিক্ষা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শতাধিক শিক্ষার্থীর হাতে মেধা ও উপস্থিতি পুরস্কার তুলে দেন।