মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনীতে লাইসেন্সবিহীনভাবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের খাদ্য গুদাম কোয়ার্টারের নিকটবর্তী প্রতিষ্ঠানটিতে এক যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি অবৈধভাবে হাসপাতাল পরিচালনা,রোগী ভর্তি ও অস্ত্রোপচার কার্যক্রম চালিয়ে আসছিলো বলে জানা গেছে।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।এ সময় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীর সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আব্বাসী,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন,ডা. আমির খসরু তারেক এবং এমটি (ল্যাব) জাহাঙ্গীর আলম।অভিযানে হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হলে নবায়ন না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি হাসপাতাল-সংলগ্ন ফার্মেসিতে ড্রাগ লাইসেন্সবিহীনভাবে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার অপরাধে মেডিকেল প্র্যাকটিশনার ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়।জেলা প্রশাসনের কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।এদিকে স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বাস্থ্য ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে এমন অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।