অপু দাস, রাজশাহী
রাবিতে গভীর রাতে আবারও নিরাপত্তাহীনতার চিত্র সামনে এলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের কাছে বুধবার রাত ১১টার দিকে মুখোশ ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত কয়েকজন শিক্ষার্থীর ওপর আকস্মিক হামলা চালায়। কাজলা ক্যান্টিনে খাবার খেতে থাকা শিক্ষার্থীদের লক্ষ করে চালানো এই হামলায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন—ফিন্যান্স বিভাগের আল ফারাবী, তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের মিনহাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে শিক্ষার্থীদের একজনকে শনাক্ত করতে একটি ছবি দেখায়। এরপর লোহার রড, রামদা, হাতুড়ি ও ছুরি নিয়ে তারা বেপরোয়া আঘাত হানতে থাকে। আতঙ্কের মধ্যে আল ফারাবী ও বখশীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তারা উদ্ধার হন। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় মিনহাজকে সহপাঠীরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে রামেক ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন। আহত বখশী বলেন, “খাবার খাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন এসে জোরপূর্বক আমাকে রিকশায় তোলে। আমি বলেছিলাম, কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নই। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “কাজলা এলাকায় কয়েকজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
ঘটনার প্রতিবাদে পরদিন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্যাম্পাস–সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান। তাদের অভিযোগ, কাজলা ও আশপাশের এলাকায় প্রায়ই এমন ঘটনা ঘটে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না।দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বর্তমানে পুরো ক্যাম্পাসে ভয়, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী সবারই দাবি—রাবির নিরাপত্তা ব্যবস্থায় জরুরি ও দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।