এম এ রাজ্জাক (সুমন)
মাওয়া (মুন্সিগঞ্জ) থেকে: রাত তখন প্রায় দুইটা। শিমুলিয়া ঘাটের বাতাসে নদীর গন্ধ আর ক্লান্ত যাত্রীদের পদচারণা। ঠিক তখনই ‘সাধের ইলিশ’ হোটেলে শুরু হয় বিশৃঙ্খলা এক কাস্টমারের হাত ধরে ডাকার ঘটনায় ক্ষিপ্ত হয় তথাকথিত ছাত্র পরিচয়ধারী একদল যুবক। মুহূর্তের মধ্যে বাকবিতণ্ডা গিয়ে দাঁড়ায় ধাক্কাধাক্কিতে। আশেপাশের লোকজন এসে পরিস্থিতি সামাল দিলেও কিছুক্ষণ পরই প্রায় ৩৫-৪০ জন যুবক হঠাৎ হোটেলে হামলে পড়ে। হোটেলের ম্যানেজার রফিকুল ইসলাম ভয়ে ভয়ে বলেন, “আমরা বুঝতেই পারিনি ওরা এত বড় কিছু করবে। সব ভেঙে ফেলল, আইস বক্স ফেলে দিল, ক্যাশবক্সে থাকা তিন লাখ টাকাও নিয়ে গেল।
তাদের বেচাকেনা ভালোই হচ্ছিল সেদিন রাতে — ঘাটে মাছ বিক্রি, পর্যটক, ট্রাকচালক — সবার ভিড়। কিন্তু মুহূর্তেই হারিয়ে যায় সব। কাস্টমাররা জানান, হামলাকারীরা শুধু ভাঙচুরই করেনি, উপস্থিত ক্রেতাদের দিকেও তেড়ে যায়। এতে হোটেল স্টাফ আজিমের হাত ভেঙে যায় এবং আরও দুজন আহত হন।রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ঘাটজুড়ে।পরে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জবানবন্দি নিয়েছে। তবে হামলাকারীরা কারা এখনো অজানা।এ ঘটনার পর থেকে ঘাটের অন্য হোটেলগুলোও আতঙ্কে ব্যবসা বন্ধ রেখেছে বলে জানা গেছে।