মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল পাঁচটার দিকে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এই অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থকেরা প্রথমে মহিষালবাড়ি বাজারে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়ক হয়ে গোদাগাড়ী গোলচত্বর অতিক্রম করে। পরে সেখানে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে শরীফ উদ্দীনের মনোনয়ন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করেন এবং সড়ক থেকে সরিয়ে নিতে সক্ষম হন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শরীফ উদ্দীন একজন কর্মী ও গণবিচ্ছিন্ন নেতা। তারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। তাঁদের বক্তব্য কর্মীবান্ধব ও জনবান্ধব নেতৃত্ব না দিলে এ আসন হারানোর ঝুঁকি তৈরি হবে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা ব্যাপক আলোচনা ও উত্তেজনার সৃষ্টি করেছে। বিএনপি নেতৃবৃন্দ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।