মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।গ্রেপ্তারকৃত তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ফাইজা রাজশাহীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য ও গালিগালাজ করেন । এ সময় তিনি পলাতক শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেন। পরবর্তীতে ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা গেছে, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও ভিডিও প্রচার করতেন।
এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামে এক ব্যক্তি ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে লিখিতভাবে বিষয়টি জানান। এরপর ডিবি পুলিশ অভিযান চালালেও ফাইজা পালিয়ে যান। পরবর্তীতে গত ২৭ অক্টোবর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সংগঠনের অনলাইন কার্যক্রমে যুক্ত ছিলেন।ফাইজার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। তাকে আজ আদালতে প্রেরণপূর্বক ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।