ঠাকুরগাঁও সদরে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শনিবার (২৪ আগস্ট ২০২৫) রাত ১১টা থেকে ১২টার মধ্যে সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ভগৎগাজী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মাদক ব্যবসায়ী মো. দিপু হাসান (২২)-এর বাড়ির পাশের বাঁশঝাড়ে তল্লাশি চালায়। এ সময় তার গোপন আস্তানা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার নিজ বাড়িতেও তল্লাশি চালানো হয়। এ অভিযানে দুইটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটন মোবাইল, দুইটি গ্রামীণফোন সিম এবং দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরসালিন তুরাগের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত দিপু হাসানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়।