এম কে হাসান কক্সবাজার
বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারে এখন যেন প্রতিদিনই চলছে যানজটের যুদ্ধ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে মিশুক, অটোরিকশা, সিএনজি, ড্রামট্রাক, টমটমসহ নানা প্রকার যানবাহনের অবাধ চলাচলে থমকে যায় পুরো শহর। পথচারীরা নামতে বাধ্য হন সড়কে, আর হাসপাতালগামী অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনও আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা।
ফুটপাত দখলে দোকানদার ও অবৈধ স্টল:-
কলাতলী, সুগন্ধা, লাবণী, ঘুনগাছতলা, লালদিঘীর পাড়, বাজারঘাট, বার্মিজ মার্কেট, কালুর দোকান ও টার্মিনাল এলাকায় ফুটপাত দখল করে বসেছে শত শত দোকান, টংঘর ও খাবারের স্টল। অনেক জায়গায় মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও ব্যাটারি চালিত যানবাহনের স্টেশন।
স্থানীয় ব্যবসায়ীরা পর্যটন মৌসুমে রাস্তার পাশে অবৈধভাবে পসরা সাজিয়ে বসেন, ফলে সাধারণ পথচারীদের হাঁটার জায়গা থাকে না।
স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন বলেন, “প্রতিদিনই দেখি দোকান আর গাড়ির ভিড়ে ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। প্রশাসন আসে, উচ্ছেদ করে, কিন্তু কিছুক্ষণ পর আবার আগের অবস্থা ফিরে আসে।
অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল: সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার শহরে রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক, অটোরিকশা, সিএনজি, ড্রামট্রাক ও টমটমের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। এসব যানবাহনের বেশিরভাগ চালকই কিশোর, অনভিজ্ঞ কিংবা রোহিঙ্গা। ট্রাফিক আইন অমান্য করে তারা এলোমেলোভাবে চলাচল করছে, ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কিন্তু পর্যটনের মৌসুমে প্রতিদিনই নতুন নতুন যানবাহন রাস্তায় নামছে। স্থায়ী নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়শিবিরে থাকা কিছু রোহিঙ্গা ব্যক্তি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ইজিবাইক, সিএনজি ও মিশুক চালাচ্ছেন। এতে একদিকে স্থানীয় চালকদের বেকারত্ব বাড়ছে, অন্যদিকে শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সামাজিক সংগঠনগুলোর নেতারা বলেন, “রোহিঙ্গারা এখন নানা কাজে যুক্ত হচ্ছে। এটি শুধু আইনগত নয়, সামাজিক ও নিরাপত্তাগত ঝুঁকিও বাড়াচ্ছে। বিষয়টি সরকারের কঠোর মনিটরিং দরকার।
প্রতিদিন গড়ে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকে শহরের প্রধান সড়কগুলো। হাসপাতালগামী রোগী, অ্যাম্বুলেন্স, অফিসগামী মানুষ ও পর্যটকদের গাড়ি দীর্ঘক্ষণ আটকে পড়ে। অল্প জায়গায় বিপুল সংখ্যক যানবাহন চলাচলের ফলে শব্দদূষণ, দুর্ঘটনা ও শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা।
প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ নিয়মিত উচ্ছেদ অভিযান চালালেও সমস্যা থেকে যাচ্ছে আগের মতোই। কয়েকদিনের মধ্যেই ফুটপাত ও রাস্তা আবার দখলে চলে যায়। প্রশাসনের সীমিত জনবল ও পর্যাপ্ত পার্কিং সুবিধার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কর্মকর্তারা।
কক্সবাজার পৌরসভার সাবেক এক জনপ্রতিনিধি বলেন, আমরা পর্যটন মৌসুমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার চেষ্টা করি। কিন্তু স্থায়ী সমাধানের জন্য সুনির্দিষ্ট নগর পরিবহন পরিকল্পনা প্রয়োজন।
কক্সবাজারে পরিকল্পিত পার্কিং সুবিধা, রুট ভিত্তিক যানবাহন অনুমোদন ব্যবস্থা এবং পর্যটন মৌসুমে অতিরিক্ত পরিবহন নিয়ন্ত্রণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। টেকসই ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা ছাড়া প্রশাসনিক অভিযান কেবল অস্থায়ী ফল দেবে।
এখনই সময় সমন্বিত নীতিমালা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে ফুটপাত ও সড়ক উভয়কেই পুনরুদ্ধার করার- নইলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার ক্রমেই অচল হয়ে পড়বে।