মো: শাহ আলম মুকসুদপুর
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের মোচনা বাজারে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা।
সভাটি শুধুমাত্র রাজনৈতিক আলোচনা নয়, বরং জনগণের জীবনমান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী সমাজ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে এক খোলামেলা আলাপচারিতায় পরিণত হয়।
সভায় অধ্যাপক আব্দুল ওহাব মোল্লা বলেন, “আজকের সমাজে মূল্যবোধের অবক্ষয়, অন্যায় ও দুর্নীতির বিস্তার ঠেকাতে হলে ইসলামী আদর্শ অনুসরণ করাই একমাত্র পথ। জামায়াতে ইসলামী সেই পথেই জনগণকে সম্পৃক্ত করতে চায়।
তিনি আরও বলেন, “জনগণের অধিকার আদায়ে জামায়াত শুধু আন্দোলনের কথা বলে না, বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সাংগঠনিকভাবে সচেতনতা তৈরি করে যাচ্ছে।”
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত দেন। অধ্যাপক ওহাব মোল্লা সেসব মনোযোগ দিয়ে শোনেন এবং দলীয় পর্যায়ে এসব সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র ও ধর্মীয় ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনীতিতে জামায়াতের সক্রিয়তা নতুন করে মাঠ পর্যায়ে দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনগণের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে দলটি তার অবস্থান স্পষ্ট করতে চাইছে।