প্রভাতী প্রতিবেদন
আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট (অবৈধভাবে অনুপস্থিত)’ ঘোষণা করা হয়েছে। তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তাকে ধরতে দেশের সকল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
ওয়ারেন্ট ও সেনাবাহিনীর পদক্ষেপ মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবীর না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।" তিনি আরও জানান, জয়েন্ট ইন্টেরোগেশন সেলে (জেআইসি) ভুক্তভোগীদের বন্দি রেখে নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সম্ভাব্য দেশত্যাগ ঠেকাতে সকল স্থল, নৌ ও বিমান বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
মেজর জেনারেল কবীরের পরিচয় মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবেও কাজ করেছেন। গত বছর গণঅভ্যুত্থানের পর তাকে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়। সবশেষ গত ২১ সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
সেনাবাহিনীর ব্যাখ্যা ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেননি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, বিভিন্ন বাহিনীতে প্রেষণে (ডেপুটেশন) গিয়ে কিছু ব্যক্তি অপরাধে জড়ান।
আইনি প্রক্রিয়া মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন। ২২ অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।" এই ঘটনা সামরিক ও বেসামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।