মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ,
ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বয়ে গেছে অতি প্রাচীন বানার নদ । ময়মনসিংহ বিভাগ হতে গাজীপুর গিয়ে শীতলক্ষ্যা নদীতে মিলিত হয়েছে নদটি। নদটির দৈর্ঘ্য প্রায় ৪৫ কিলোমিটার।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নদীটিকে উত্তর কেন্দ্রিক অঞ্চলের ৪৫ নাম্বার নদী হিসেবে চিহ্নিত করেছে। এটি মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা , সহ ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। তবে বর্তমানে বানার নদ বিলীন হওয়ার পথে। বাংলাদেশের মানচিত্রে এর অবস্থান দীর্ঘতম নদ হিসেবে থাকলেও বর্তমানে এটি মৃত প্রায়। স্রোতহীন এই নদটি দিন দিন এর নাব্যতা হারাচ্ছে। প্রায় সর্বত্রই ঘন কচুরিপানায় আবৃত এটি। দেখলে মনে হবে জলের উপরে সবুজ বনের পথচিহ্ন। এর দু'পাড়ে যেমন গড়ে উঠেছে অস্থায়ী স্থাপনা, তেমনি গড়ে উঠেছে পরিবেশ দূষণকারী অপরিকল্পিত মুরগির খামার। আর এসব খামারের সমস্ত ময়লা ফেলা হচ্ছে নদের পানিতেই। এর ফলে নদের পানি যেমন দূষিত হচ্ছে তেমনি দূষিত হচ্ছে এর চারিপাশ। শুকনো মৌসুমে অসাধু কৃষকরা নদীর পাড় দখল করে বানাচ্ছে আবাদি জমি।প্রশাসনের কোন নজরদারি না থাকায় ইচ্ছে মতো দখল করছে নদীর পাড়।
বর্ষাকালে যেখানে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করতো এই নদে, সেখানে আজ সামান্য ডিঙ্গি নৌকা ভাসানোর উপায় নেই। দেশের বিভিন্ন স্থানে নদী পূর্ণ খনন কর্মসূচি লক্ষ্য করা যায়। যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়লে হয়তোবা এই নদটি পূর্ণ খনন করা সম্ভব হলে যেমনটা রক্ষা পাবে এই নদ তেমনি এ নদের দুপাশের জনজীবন দূষণের হাত থেকে রক্ষা পাবে। নদীর পাড়ের মানুষেরা মুক্ত জলাশয়ে দেশি মাছ শিকার করে আমিষের চাহিদা পূরণ করতেও সক্ষম হতে পারে। তাই অতি দ্রুত নদীর স্রোতময় যৌবন ফিরে পাক এমনটাই প্রত্যাশা সকলের।