আবদুল্লাহ আল-মামুন, বান্দরবান
পার্বত্য বান্দরবানের স্থানীয় প্রভাবশালী সংগঠক ও জেলা পরিষদের সদস্য লাল জারলম বম আবারও আলোচনায়। এবার তার বিরুদ্ধে উঠেছে সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)–কে অর্থায়ন ও সহযোগিতা করার গুরুতর অভিযোগ।
লাল জারলম বম একইসঙ্গে ‘কমিউনিটি এডভান্সমেন্ট ফোরাম (CAF)’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক। বিশ্বস্ত সূত্র জানায়, বিদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ৬,৩৯১ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত লাখ টাকা—“অনাথ শিশুদের সহায়তার অনুদান” হিসেবে দেশের একটি ব্যাংক হিসাব–এ আসে। কিন্তু মাঠপর্যায়ে কোনো অনাথাশ্রম, শিক্ষা কার্যক্রম বা সামাজিক উন্নয়ন প্রকল্পের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, সংগঠনের কোনো দৃশ্যমান কার্যক্রম তারা কখনও দেখেননি, যদিও সংগঠনের কয়েকজনকে মাঝে মাঝে বিদেশি নাগরিকদের সঙ্গে চলাফেরা করতে দেখা যায়।
গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানায়, লাল জারলম বমের ব্যক্তিগত ব্যাংক হিসাব ও তার নিয়ন্ত্রিত সংস্থাগুলোর আর্থিক লেনদেন বর্তমানে তদন্তাধীন। প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, অনুদানের একটি অংশ তার ব্যক্তিগত খরচ ও কেএনএফ–এর কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকতে পারে।একজন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমরা ব্যাংক ট্রানজেকশনগুলো ট্রেস করছি। অনুদানের অর্থের গন্তব্য নিয়ে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
স্থানীয় নাগরিক সমাজ ও ধর্মীয় সংগঠনগুলোর নেতারা মনে করছেন, বিদেশি অনুদানের নামে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।বান্দরবান নাগরিক ফোরামের এক সদস্য বলেন,অবৈধ অর্থ প্রবাহ রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অনুদানের নামে প্রতারণা ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে।”
জানা গেছে, সম্প্রতি বান্দরবানের এনজিও ও দাতব্য প্রতিষ্ঠানের কার্যক্রমে কঠোর নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশ থেকে আসা প্রতিটি অনুদানের উৎস ও ব্যয় এখন খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুদান গ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে যথাযথ অনুমোদন না থাকলে সংশ্লিষ্ট সংস্থার নিবন্ধন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও লাল জারলম বমের সঙ্গে যোগাযোগ করা যায়নি।বিশ্লেষকদের মতে, অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি পার্বত্য অঞ্চলের এনজিও কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।