বাগমারা উপজেলার বিশেষ প্রতিনিধি : মো. দোয়েল আহমেদ
দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাজশাহীর বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম তার কর্মদক্ষতা, সাহসিকতা ও মানবিকতা দিয়ে অল্প সময়েই এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তা নন, বরং অপরাধ দমনে একজন দক্ষ ও কৌশলী নায়ক হিসেবেই পরিচিতি পেয়েছেন।
ওসি তৌহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাগমারা থানায় দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তিনি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছেন। থানা ঘোষিত করেন ঘুষ ও দালালমুক্ত। পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন ও চোরাচালানসহ নানা অপরাধ কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
প্রায় প্রতি রাতেই ওসি তৌহিদুল ইসলাম নিজেই পুলিশের গাড়ি নিয়ে উপজেলার বিভিন্ন ‘ক্রাইম জোন’ চিহ্নিত এলাকায় টহলে বের হন। এতে পুলিশের উপস্থিতি বাড়ার পাশাপাশি অপরাধ প্রবণতা কমে এসেছে। শুধু তাই নয়, থানায় যোগদানের পরপরই তিনি স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় সামাজিক নেতৃত্বের তালিকা তৈরি করেন। এরপর থেকেই তিনি সমাজের এই নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
ওসি তৌহিদুল ইসলামের নেতৃত্বে বাগমারা থানায় বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে। জনগণের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন। কমে এসেছে মিথ্যা মামলার প্রবণতা। থানায় আসা সাধারণ মানুষ এখন নির্ভয়ে তাদের সমস্যার কথা বলছেন এবং পাচ্ছেন দ্রুত সেবা।
থানায় আসা একজন সেবাপ্রার্থী ও এই প্রতিবেদনের প্রতিবেদক হিসেবে আমি বলব—এত মানবিক ও দায়িত্বশীল একজন ওসি এর আগে আমরা পাইনি। তাকে দেখে কখনো মনে হয় না তিনি একজন পুলিশ কর্মকর্তা, বরং আমাদের পরিবারের একজন সদস্য বলেই মনে হয়। অপরাধীদের জন্য তিনি একজন ভয়ংকর রূপ, আর সাধারণ মানুষের জন্য একজন শান্ত-স্নেহভাজন অভিভাবক
সবশেষে, আমরা দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে ওসি তৌহিদুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার এই ইতিবাচক উদ্যোগ ও মানবিক সেবার ধারাবাহিকতা বজায় থাকুক, সেই প্রত্যাশা করি।