নিজস্ব প্রতিবেদন
কোরআন অবমাননার অভিযোগে জড়িত বাউল আবুল সরকারসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) আসরের নামাজ শেষে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের ব্যানারে তৌহীদি জনতা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন ও মিছিলে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, মুসল্লি, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, ধর্মীয় মূল্যবোধে আঘাতকারী যেকোনো মন্তব্য বা কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই এ ধরনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
কর্মসূচিতে বক্তারা বলেন, কোরআন অবমাননার মতো সংবেদনশীল ঘটনার বিচার দ্রুত ও সঠিকভাবে নিশ্চিত হলে জনগণের মনে আইনের প্রতি আস্থা বাড়বে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে। বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো. হুমায়ুন কবির, কুয়াকাটা ঘটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোবাশ্বের হোসেন এবং স্টুডেন্ট এলায়েন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কোরআন অবমাননার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান