মহিদুল ইসলাম (সোনাতলা )
বগুড়ার সোনাতলা উপজেলায় পানিতে ডুবে আফিফ সরকার (০২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ) বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকার সময়। নিহত আফিফ সরকার পূর্ব তেকানী (মুশারপাড়া) গ্রামের মোঃ পল্লব সরকারের পুত্র ও মোছাঃ আরিফা খাতুনের কন্যা। ঘটনার সময় শিশুটি পরিবারের সকলের অজান্তে তার নানা মোঃ রফিউল আলম মন্ডলের পদ্মপাড়া (দক্ষিনপাড়া) গ্রামস্থ বসতবাড়ির পশ্চিম পার্শ্বের পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুবরণ করে। খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিঃ) জনাব মোঃ শামীম রেজা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায়, পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।