দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর একটি দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকাল অনুমান ০৯:৩০ ঘটিকায় বিদ্যালয়ের শিশু শ্রেণির একটি ক্লাসরুমের মেঝে হঠাৎ ধ্বসে পড়লে পাঁচজন শিক্ষার্থী আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে শিশু শ্রেণির শিক্ষার্থী হুমাইরা, জীসান ও অলকসহ মোট পাঁচজন শিক্ষার্থী ওই কক্ষে অবস্থান করছিল। হঠাৎ মেঝে ভেঙে নিচের পুকুরে পড়ে গেলে তারা আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনার খবর পেয়ে আদমদীঘি উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাপ্রবণ ওই ক্লাসরুমটি নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ করার নির্দেশ দেন। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামনাথের অবহেলা ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে মেঝের অবস্থা নাজুক হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে বিদ্যালয়ের ভবন সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।